Home রাজনীতি রাজপথের ত্যাগ বৃথা? প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা শাহিন আলম জনি

রাজপথের ত্যাগ বৃথা? প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা শাহিন আলম জনি

0
112
রাজপথের ত্যাগ বৃথা? প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা শাহিন আলম জনি
ছবি: ছাত্রদল নেতা শাহিন আলম জনি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছাত্রদলের এক নেতার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম জনি সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, যেখানে তিনি রাজনীতির বর্তমান বাস্তবতা, ত্যাগ ও মূল্যায়ন না পাওয়ার কষ্ট তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, রাজনীতি থেকে মাঝে মাঝে দূরে থাকতে ইচ্ছা হলেও “জাতীয়তাবাদ রক্তে মিশে গেছে” বলে তা সম্ভব হয় না। তবে দলের ভেতরে “নতুন জাতীয়তাবাদী”দের ভিড়ে নিজেকে অসহায় মনে করার কথাও বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, যারা একসময় সরাসরি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বা দলীয় পদ নিতে অনীহা প্রকাশ করতেন, তারাই এখন বিএনপির প্রথম সারির নেতা হিসেবে মূল্যায়িত হচ্ছেন। অন্যদিকে দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা, নির্যাতন সহ্য করা ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “ত্যাগ, ঘাম, জেল-জুলুম, রাজপথে রক্ত ঝরানো—সবই কি তাহলে বৃথা?”—এমন প্রশ্নও তোলেন তিনি।

তবে হতাশার মাঝেও দল থেকে পুরোপুরি সরে যাওয়ার ইঙ্গিত দেননি শাহিন আলম জনি। তিনি বলেন, প্রয়োজনের সময়ে আবারও রাজপথে সামনে থেকে আন্দোলনে অংশ নেবেন। “ত্যাগীরা অভিমানী হয়, বেইমান না”—এই বক্তব্য দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে থেকে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলীয় সিনিয়র নেতৃবৃন্দের সুস্থতা কামনা করেন।

এ বিষয়ে দলীয় কোনো কেন্দ্রীয় বা স্থানীয় নেতার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসটি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এমএ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here