Home চট্টগ্রাম বিভাগ চাঁদপুর ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

0
295

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা মোহাম্মদ নূর উদ্দিন (৫৫) নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ নূর উদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বুধবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন। আজ সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, ওই ভোটকেন্দ্রে গতকাল রাতেই তার জায়গায় নতুন করে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার দুই মেয়ে পোলিং অফিসারের দায়িত্ব পালন করার কথা ছিল। মানবিক কারণে তাদেরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দুইজন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। আজ সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here