Home আইন-আদালত ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, ব্যাখ্যা চেয়েছেন আদালত

ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, ব্যাখ্যা চেয়েছেন আদালত

0
314

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন। কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং প্রতিবেদন দিতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। আদালতের নির্দেশ পাওয়ার পরও সহযোগিতা না করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর আরও জানান, গুম কমিশনের রিপোর্টে বলা হয়েছে, অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। গত ১৫ বছর তাঁর নির্দেশে বহু মানুষকে হত্যা করা, সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলাসহ যাবতীয় নিষ্ঠুর অপরাধের সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। এসব ব্যাপারে গোয়েন্দা সংস্থার প্রধানদের স্বীকারোক্তি রয়েছে। 

তদন্ত কমিশনের রিপোর্ট ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন বলেও জানান তাজুল ইসলাম। তিনি বলেন, আদালত তদন্ত শেষ করতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। 

এ ছাড়া গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সময় দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here