Home খুলনা বিভাগ বাগেরহাট ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে হামলায় ওসিসহ ৩ পুলিশ আহত

ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে হামলায় ওসিসহ ৩ পুলিশ আহত

0
266

খালিদ হাসান, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনকে আটকের পরে হামলার শিকার হয়েছেন থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খাউলিয়া ইউনিয়নের বারইখালী গ্রামে হারুন তহসিলদারের বাড়িতে এই ঘটনা ঘটে। বনি আমীন পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।

ছাত্রলীগ নেতা আটক ও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। আহতরা হচ্ছেন থানার ওসি মো. রাকিবুল হাসান, এএসআই রবিউল ইসলম ও কনস্টেবল মো. শাহীন খান। তাদের রাত দেড়টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ঢাকার মিরপুর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা মীর বনি আমীনসহ কয়েকজন নেতাকর্মী মোরেলগঞ্জে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বনি আমীনকে আটক করে। ওই সময় বনি আমীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এতে অভিযানে নেতৃত্ব দানকারী ওসি রাকিবুল হাসানসহ তিনজন আহত হন। রাত দেড়টার দিকে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি রাকিবুল হাসান বলেন, বনি আমীনকে আটকের সময় কয়েকজনে মিলে পুলিশের কাজে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় থানার এসআই রাম উত্তম রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বনি আমীনকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here